নিজস্ব প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল): বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া এলাকায় সুগন্ধা নদীর ভয়াবহ ভাঙন থেকে জনপদ রক্ষায় স্থায়ী ও টেকসই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় মোল্লারহাট বাজার সংলগ্ন পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ অংশ নিয়ে নদী ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা মো. হেলাল উদ্দিনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান মিল্টন, ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন আকন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজানুর রহমান সিকদার, সমাজসেবক মো. আব্দুর রাজ্জাক আকন, মো. আজিজুল হাওলাদার, মো. মন্টু হাওলাদার, মো. মোজাম্মেল হোসেন হাং, খলিফা মো. এবাদুল্লাহ, ছাত্রদল নেতা সানি মীর এবং মাওলানা শাহাদাত হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, সুগন্ধা নদীর অব্যাহত ভাঙনে প্রতিবছর এলাকার বিস্তীর্ণ কৃষিজমি, বসতভিটা, ঘরবাড়ি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফলে বহু পরিবার সর্বস্ব হারিয়ে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
বক্তারা আরও বলেন, নদী ভাঙন কেবল মানুষের জীবন-জীবিকা ও সম্পদের ক্ষতিই করছে না, বরং পুরো এলাকার ভবিষ্যৎ অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তাই ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষায় জরুরি ভিত্তিতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি।
মানববন্ধন থেকে বক্তারা নদীতীরে দ্রুত সিসি ব্লক অথবা জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও টেকসই নদীভাঙন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে সুগন্ধা নদীর ভাঙন থেকে পূর্ব ভূতেরদিয়া এলাকার জনপদ, কৃষিজমি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করা সম্ভব হবে।


