সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বাবুগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর।

বাবুগঞ্জ (বরিশাল), ২৯ জুন: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রতিরোধে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুর রউফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম. নাজমুস সালেহীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সুমন শিকদার, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক মহাসিন আলম শামীম, ছাত্রদল নেতা নিয়াজ মাহমুদসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সভায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া, চুরি, কিশোর গ্যাংয়ের তৎপরতা, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং রেণু পোনা পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং আইন প্রয়োগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত সদস্যরা।

সভায় বক্তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিকদের সম্পৃক্ততার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর করা সম্ভব।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top